রংপুরে এক সাংবাদিককে কুপিয়ে জখম
রংপুরে স্থানীয় একটি পত্রিকার এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে শহরের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম মারুফ হোসেন (৪২)। তিনি রংপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক চলমান বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক। বাড়ি শহরের মুলাটোল এলাকায়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, মারুফ শনিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে একা বাড়ি ফিরছিলেন। পথে রংপুর নগরের দমদমা সেতু এলাকায় তাঁর মোটরসাইকেলটির পথ রোধ করে একদল দুর্বৃত্ত। পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মুখ ও হাতে আঘাত করে চলে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আহত সাংবাদিকের বড় ভাই রংপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরতৌহিদুল ইসলাম বলেন, মারুফের নাক ও দুই হাতের একাধিক স্থান গুরুতর জখম হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে গতকাল বিকেলে সৈয়দপুর থেকে বিমানযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরেসাংবাদিক মারুফের ওপর এ হামলা হতে পারে। তবে পুলিশ বলছে, কী কারণে এ হামলা চালানো হয়েছে, তার সঠিক কারণ এখনো জানা যায়নি।