রংপুরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
রংপুর নগরের ২৯ নম্বর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানোর আগেই কার্যালয়ের সাইনবোর্ড ও দরজা পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে নগরের মাহিগঞ্জে অবস্থিত সিটি করপোরেশনের ২৯ নম্বর
ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের লোক ছুটে আসে। তবে তারা আগুন নেভানোর আগেই কার্যালয়ের দরজা ও সাইনবোর্ড পুড়ে যায়।
২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে গভীর রাতে আগুন দিয়েছে জামায়াত-বিএনপির লোকজন।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ দাবি করেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাজা কার্যকরে বাধা সৃষ্টি করতে এসব পাঁয়তারা চালানো হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন।