রংপুরে কলেজছাত্র হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আনন্দলোক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কথা জানিয়েছে।
পিবিআই রংপুর কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার রাতে কোতোয়ালি ও গঙ্গাচড়া থানার বিভিন্ন স্থানে পিবিআই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন কোতোয়ালি থানার হরিরাম মাল গ্রামের সুজন মিয়া (২২), নুরুজ্জামান রানা (৩০) ও মইন আহম্মেদ খাজা (১৮) এবং গঙ্গাচড়া থানার জয়দেব গ্রামের সুলতান মাহমুদ (৪০)। হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রযুক্তিগত তথ্যের পর্যালোচনার ভিত্তিতে নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।
রংপুর নগরের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল এলাকার ধানখেত থেকে গত ১৬ অক্টোবর ইসমাইল হোসেন ওরফে রায়হানের (১৯) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় আনন্দলোক ডিগ্রি কলেজের বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।