রংপুরে কারমাইকেল কলেজশিক্ষার্থী খুন
রংপুরের পীরগাছা উপজেলায় গতকাল বুধবার রাতে কারমাইকেল কলেজের এক শিক্ষার্থী খুন হয়েছেন।
‘প্রেমঘটিত’ ঘটনাকে কেন্দ্র করে এই খুন হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম তৌকির আহমেদ ওরফে তুষার। তিনি কারমাইকেল কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সুবিদ গ্রামে।
এ ঘটনায় তৌকিরের চাচা আবদুল হামিদ বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে উপজেলার মিয়াপাড়া গ্রামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা যুবককে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার পীরগাছা উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল রাত ১১টার দিকে তৌকির খুন হন। তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তৌকিরের বাবা নাজমুল ইসলাম এই হত্যার বিচার দাবি করে বলেন, ‘আমার ছেলে এভাবে খুন হবে, তা কোনোদিন ভাবতে পারিনি।’
তৌকিরের লাশ দেখতে আজ তাঁর সহপাঠীরা রংপুর মেডিকেল কলেজের মর্গে জড়ো হন। তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, মামলার অভিযোগে খুনের কারণ হিসেবে প্রেমঘটিত বিষয়ের কথা উল্লেখ আছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।