রংপুরে কৃষক মনছুর আলী হত্যায় প্রেমিকসহ স্ত্রীকে গ্রেপ্তার করেছে পিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে কথিত প্রেমিকসহ স্ত্রী। পিবিআই কার্যালয়, রংপুর, ৭ জুন। ছবি: মঈনুল ইসলাম
স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে কথিত প্রেমিকসহ স্ত্রী। পিবিআই কার্যালয়, রংপুর, ৭ জুন। ছবি: মঈনুল ইসলাম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে বলা হচ্ছে, কৃষক মনছুর আলী (৪০) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে তারা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গত বছরের ৩ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার খিয়ারপাড়া এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।

পিবিআই বলছে, স্ত্রীর পরকীয়ার জেরে খুন হয়েছেন মনছুর আলী। গ্রেপ্তার দুজন হলেন নিহতের স্ত্রী নাসিমা বেগম ও তাঁর কথিত প্রেমিক মোজাম্মেল (৫০)।
আজ বৃহস্পতিবার পিবিআই রংপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাসিমা বেগম ও তাঁর প্রেমিক মোজাম্মেল পরিকল্পিতভাবে মনছুরকে হত্যার পর বাড়ির পাশের পুকুরে লাশ ডুবিয়ে রাখেন। দীর্ঘদিন ধরে নাসিমার মোবাইল ফোনের কথোপকথনের সূত্র ধরে এ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

এক ছেলে ও এক মেয়ের জনক কৃষক মনছুর আলী গত বছরের ৩ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর ৫ জুলাই বাড়ির পাশের একটি পুকুরে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ ভেসে ওঠে। পরে ওই দিনই বদরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন মনছুরের মা মনোয়ারা বেগম। একপর্যায়ে ২৮ সেপ্টেম্বর পিবিআইর কাছে এই মামলাটি হস্তান্তর হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রংপুর পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু হাসান কবিরের নেতৃত্বে একটি দল দীর্ঘ তদন্তের পর হত্যার সঙ্গে জড়িত এ দুজনকে শনাক্ত করেন। এর মধ্যে গতকাল রাতে গাজিপুর জেলার টঙ্গী এলাকা থেকে মোজাম্মেলকে এবং একইদিন রাতে নিহতের স্ত্রী নাসিমা বেগমকে বদরগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মনছুর হত্যার পরপরই ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল গা ঢাকা দেন। টঙ্গী এলাকায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

রংপুর পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, গ্রেপ্তার দুজনই পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই দিন মনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় হত্যা শেষে লাশ পুকুরে গুম করে রাখা হয়। কিন্তু হত্যার দুদিনের মাথায় মনছুরের লাশ ভেসে ওঠে।

শহিদুল্লাহ কাওছার আরও বলেন, মোবাইল ফোনের কথার সূত্র ধরে নাসিমা বেগম ও মোজাম্মেলকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আজ তাঁরা আদালতে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়।