রংপুরে গণপিটুনিতে 'ছিনতাইকারী' আহত
রংপুর নগরের কারমাইকেল কলেজিয়েট স্কুল ও কলেজের সামনের সড়কে গত রোববার রাতে ছিনতাই করতে গিয়ে আশিক (২৪) নামের এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আশিকের বাড়ি রংপুর শহরের এরশাদনগর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রোববার রাতে শহরের লালবাগ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে কারমাইকেল কলেজিয়েট স্কুল ও কলেজের সামনের সড়কে ছোরা হাতে তাঁদের পথরোধ করেন আশিক। তিনি দুজনের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁদের চিৎকারে কয়েকজন শিক্ষার্থী দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারীকে ধাওয়া দেন। একপর্যায়ে ছিনতাইকারী ধরা পড়লে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা ছিনতাইকারীকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর শহরে ছিনতাইকারী ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
এই সড়কে ছিনতাই নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘আধা কিলোমিটারে এক রাতে আটটি ছিনতাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।