রংপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
রংপুর শহরের মুলাটোল পাকারমাথা এলাকায় চাঁদাবাজির অভিযোগে মহানগর ছাত্রলীগের দুই নেতাসহ ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ ওরফে দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মোর্শেদ ওরফে তুষার রয়েছেন। বাকিরা মহানগর ছাত্রলীগের কর্মী। তাঁরা হলেন ওয়াহিদুল হক, মাসুদ রানা, শিমুল ইসলাম, মোরসালীন, মাসুদ, রনী, লাবলু, সোহেল ও মুন্না।
মামলার উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শহরের মুলাটোল পাকারমাথা এলাকায় গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে একদল যুবক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। গত শনিবার রাত ১১টার দিকের ওই ঘটনায় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ওই বাড়িতে গোলাম মোস্তফার শ্যালিকার বিয়ের ব্যাপারে আলোচনা চলছিল। আলোচনা শেষে ছেলেপক্ষ চলে যাওয়ার পর একটি সংঘবদ্ধ চক্র বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। এরপর গোপনে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় গোলাম মোস্তফা বাদী হয়ে ওই ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গত শনিবার দিবাগত রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাফিউর রহমান গ্রেপ্তার হওয়া দিদার ও তুষার মহানগর ছাত্রলীগের সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন।