রংপুরে ছিনতাইকারী ধরতে পুলিশের বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে ছিনতাই বেড়ে গেছে। ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তাদের ১০টি টহল দল গত শুক্রবার থেকে সার্বক্ষণিক অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে দেশীয় অস্ত্রসহ ২০ ছিনতাইকারী আটক হয়েছে।
এর মধ্যে রোববার রাতেই নগরের দখিগঞ্জ শ্মশান, বদরগঞ্জ সড়ক ও কেল্লাবন্দ এলাকা থেকে সাতজনকে আটক করে পুলিশ।
নগরবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে এক মাসের ব্যবধানে ছিনতাই বেড়ে গেছে। এলাকাগুলো হলো পূর্ব কামালকাছানার দখিগঞ্জ শ্মশান এলাকা, রংপুর কলেজ সড়ক, হনুমানতলা, জলকর থেকে নীলকণ্ঠ সড়ক, পার্ক মোড়, মেডিকেল মোড়, ইসলামবাগ থেকে বন বিভাগ কার্যালয়, লালকুঠি মোড় থেকে পিটিআই সড়ক, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নিসবেতগঞ্জ সড়ক, জিলা স্কুলের মোড়, শাপলা চত্বর থেকে রেলওয়ে স্টেশন সড়ক, কৃষি ফার্ম, মডার্ন মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা, সাতমাথা থেকে কামালকাছনা সড়ক, মেডিকেল পূর্বগেট থেকে বুড়িরহাট সড়ক, কেল্লাবন্দ থেকে হাজিরহাট সড়ক, বাস টার্মিনাল থেকে মডার্ন মোড় ও মুন্সিপাড়া মোড় থেকে কেরানীপাড়া চারমাথা মোড়। এসব পাড়া ও মহল্লার সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
শুধু রাতে নয়, কোনো কোনো এলাকায় দিনেও ছিনতাই হয়। গত ১৫ দিনের ব্যবধানে নয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে কোতোয়ালি থানার পুলিশ নিশ্চিত করেছে।
কামালকাছনা এলাকার ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, ছিনতাইকারীদের ভয়ে তিনি গত এক মাসে এক দিনও প্রাতর্ভ্রমণে বের হননি। কেরানীপাড়ার এক নারী বাসিন্দা বলেন, রাস্তা একটু নিরিবিলি হলেই ভয় লাগে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সড়কে ১০টি টহল দল দিনে ও রাতে অভিযান চালাচ্ছে।