রংপুরে ছুরিকাঘাতে আহত আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) গোকুল গ্রামে ছুরিকাহত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা গেছেন।
প্রতিবেশীর পারিবারিক কলহের মীমাংসা করতে গিয়ে গত বৃহস্পতিবার ছুরিকাঘাতের শিকার হন আবুল হোসেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ছেলে রবিউল ইসলাম রোববার রাতেই ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, পাশের বাড়ির দুই ভাই মোমিনুল (৪০) ও এরশাদের (৩৫) মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর মীমাংসা করতে বৃহস্পতিবার রাতে তাঁরা আবুল হোসেনকে ডেকে নিয়ে যান। সেখানে আবুলের সঙ্গে মমিনুল ও এরশাদের তর্কবিতর্ক হয়। আবুল হোসেন সেখান থেকে চলে আসতে চাইলে ওই দুজন আরও উত্তেজিত হয়ে উঠলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে আবুল হোসেনের পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত করে লাশ রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত সবাই বাড়িতে তালা দিয়ে পালিয়ে থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।