রংপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় গত বুধবার রাতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম তৌকির আহমেদ। তিনি কারমাইকেল কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সুবিদ গ্রামে। এ ঘটনায় পীরগাছা থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে তৌকিরকে তাঁর বাড়ি থেকে সাইফুল ইসলামসহ কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যান। পরে উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের মাঠে রাত ১১টার দিকে তাঁর তলপেটে ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। রাত ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজের মর্গে তৌকিরের লাশ দেখতে যান তাঁর সহপাঠীরা। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজছাত্রী প্রথম আলোকে জানান, একজন কলেজছাত্রীর সঙ্গে তৌকিরের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, এর জেরেই তাঁকে খুন করা হয়েছে।
তৌকির হত্যার এ ঘটনায় গতকাল সাইফুলের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। সাইফুলের বাড়ি উপজেলার মিয়াপাড়া গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ হত্যাকাণ্ড ও মামলার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।