রংপুরে জেএমবির তিন সদস্যের আত্মসমর্পণ
রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্য আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার রংপুর শহরের ধাপ এলাকার একটি কমিউনিটি সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তাঁরা।
আত্মসমর্পণকারী তিন জেএমবি সদস্য হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লোহারবান গ্রামের হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফেজ মাসুদ (১৮), একই উপজেলার বিন্যাগাড়ি গ্রামের হাফিজুর রহমান (১৫) ও জয়রামপুর গ্রামের আক্তারুজ্জামান ওরফে আক্তারুল (১৮)। তাঁরা তিনজনই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।
‘জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও জঙ্গিদের আত্মসমর্পণ’-এর আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩। আত্মসমর্পণের পর র্যাবের পক্ষ থেকে তিনজনকে পাঁচ লাখ করে টাকা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আত্মসমর্পণকারী মাসুদ রানা বলেন, ‘আমি নিজের ভুল বুঝতে পেরেছি। বুঝি যে এই পথ ভুল পথ। তাই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি।’
জঙ্গিবিরোধী সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি দমনে সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে। মানুষজন মানববন্ধনে দাঁড়িয়ে বলছেন, ‘আমরা জঙ্গিবাদ চাই না। সন্ত্রাসবাদ চাই না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের যাঁরা সহযোগিতা করছেন, অর্থ দিচ্ছেন, পৃষ্ঠপোষকতা করছেন, তাঁরা সাবধান হয়ে যান।’