রংপুরে ট্রাক থেকে চালক ও সহকারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের তাজহাট এলাকায় একটি হিমাগারের সামনে গতকাল বৃহস্পতিবার সকালে একটি ট্রাকের ভেতর থেকে চালক ও তাঁর সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের গলায় গামছা প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা দুজনকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত দুই ব্যক্তি হলেন ট্রাকচালক কোরাইশ খান (৩৫) ও তাঁর সহকারী রমজান আলী (২২)। সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার নুনদাই গ্রামের সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে কোরাইশ। তবে তাঁর সহকারীর ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, তাজহাট কবরস্থানসংলগ্ন একটি হিমাগার রয়েছে। গত বুধবার সকাল থেকে হিমাগারের সামনে ট্রাকটি রাখা ছিল। গতকাল সকালে ট্রাকটি থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি হিমাগারের লোকজন পুলিশকে জানান। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
ট্রাকচালক কোরাইশ খানের পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সেখান থেকে মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁর বাড়িতে যোগাযোগ করা হয়। কোরাইশের বড় ভাই আবদুল করিম খান জানান, কোরাইশ নিজেই ট্রাকটির মালিক ও চালক ছিলেন। গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে ট্রাক নিয়ে বের হন।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানা–পুলিশ জানায়, এ ঘটনায় কোরাইশের বড় ভাই আবদুল করিম খান বাদী হয়ে গতকাল রাতে ওই থানায় মামলা করেছেন। তবে গতকাল রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।