রংপুরে তিন দিন ধরে প্রকৌশলী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী রফিকুল ইসলাম (৬০) গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে পরিবারের লোকজন হন্যে হয়ে ঘুরছেন। তাঁকে কোথাও পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় রফিকুলের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রফিকুলের পরিবার ও ওই জিডি সূত্রে জানা গেছে, শহরের ইসলামপুরের হনুমানতলার বাড়ি থেকে রফিকুল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বের হয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান। এরপর তিনি আর ফেরেননি। তাঁর সঙ্গে থাকা ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। তাঁর পরনে ছিল প্যান্ট ও ফুল চেক জামা।

তাঁর মেয়ে খন্দকার রেদওয়ানা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজের দিন রাত নয়টা পর্যন্ত মুঠোফোন চালু থাকলেও রিং করা হলে কেউ ফোন ধরেনি। এরপর থেকে ফোনটি বন্ধ। কী কারণে বাবা নিখোঁজ থাকবেন তা আমরা কেউই ভাবতে পারছি না। আমরা দিশেহারা হয়ে পড়েছি।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। তাঁর সন্ধানে অনেক চেষ্টা করা হচ্ছে। তবে এখনো তাঁর সন্ধান মেলেনি।