
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধের পাশ থেকে যন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এই বালু ব্যবহার করা হচ্ছে সিমেন্টের ব্লক তৈরিতে। তা ছাড়া উত্তোলন করা বালু বস্তায় ভরে রাখা হচ্ছে, পরে বাঁধ রক্ষার কাজে ব্যবহার করা হবে বলে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে উপজেলার পাইকান এলাকায় তিস্তা নদীর ভাঙন প্রতিরক্ষায় ৩৩৫ মিটার দৈর্ঘ্য বাঁধ নির্মাণের কাজ চলছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা। কাজটি করছেন ঠিকাদার আশরাফুল আলম।
২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের লক্ষ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি তোলা নিষিদ্ধ।
সরেজমিনে গত সোমবার সকালে দেখা গেছে, উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) পাইকান এলাকায় তিস্তা নদীর ভাঙন রোধে তীর ঘেঁষে বাঁধটি নির্মাণ করা হচ্ছে। এর প্রায় ১০০ গজ দূরে একটি অগভীর শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। নদী থেকে তোলা এ বালু পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে বাঁধের দক্ষিণে। সেগুলো ব্যবহার করা হচ্ছে ব্লক তৈরির কাজে। সেই সঙ্গে বস্তায় বালু ভরা হচ্ছে। বাঁধ রক্ষার কাজে ব্যবহারের জন্য।
এলাকাবাসীর অভিযোগ, এভাবে বালু তোলা হলে নদীর তলদেশে গর্তের সৃষ্টি হবে। এতে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঠিকাদার আশরাফুল আলম বলেন, ‘কাজ করতে গিয়ে এভাবেই সব সময় বালু তুলে থাকি। কখনো কোনো সমস্যা হয়নি।’
পাউবোর রংপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মনসুর আলী বলেন, ‘এখানে কাজ দেখাশোনার দায়িত্ব আমার। কিন্তু বালু উত্তোলনের বিষয়টি দেখার দায়িত্ব আমার না।’
ইউএনও আমিনুল ইসলাম বলেন, ‘এই স্থানে সম্প্রতি একাধিকবার বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। তিনটি শ্যালো মেশিন জব্দও করেছি।’ এখন আবার নতুন করে বিষয়টি জানলেন। ইউএনও জানান, আবার সেখানে অভিযান চালানো হবে। বালু তোলার অনুমতি নেওয়া হয়েছে কি না প্রসঙ্গে তিনি বলেন, বালু তোলার কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। যাঁরা এ কাজ করছেন, প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।