রংপুরে দুই শতাধিক মেস ফাঁকা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে শিক্ষার্থীরা মেস ছেড়ে চলে গেছেন। তবে এই শিক্ষার্থীদের বড় একটা অংশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ—রংপুরের এই বড় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে সহস্রাধিক মেস রয়েছে। এগুলো ঘিরে স্থানীয় লোকজনের রমরমা ব্যবসা। কিন্তু বর্তমানে দুই শতাধিক মেস প্রায় শূন্য। এতে আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন এগুলোর মালিকেরা।
কয়েকজন মেসমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে শিক্ষার্থীরা মেস ছেড়ে চলে গেছেন। তবে এই শিক্ষার্থীদের বড় একটা অংশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। নিজেদের নিরাপত্তার জন্যই তাঁরা মেস ছেড়েছেন।
এ বিষয়ে সদ্য বিদায়ী রংপুর জেলার পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ছাত্রশিবির যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য চিহ্নিত মেসগুলো কড়া নজরদারিতে রাখা হয়েছে। সেই সঙ্গে মেসমালিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তথ্য অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের চারপাশে এক হাজারের বেশি মেস রয়েছে। এর মধ্যে কলেজপাড়া, কামারপাড়া, বিনোদপুর, বালাপাড়া, আশরতপুর, চকবাজার, পার্ক মোড়, মডার্ন মোড়, লালবাগ, দর্শনা মোড় ও ঘাঘটপাড়ার প্রায় ২০০ মেস ছাত্রশিবির নিয়ন্ত্রিত। সম্প্রতি এসব মেসে বসবাসকারী লোকজনের জীবনবৃত্তান্ত চাওয়া হয়। এরপরই শিবিরের নেতা-কর্মীরা তাঁদের চিহ্নিত মেসগুলো ছেড়ে অন্যত্র ঠাঁই নিয়েছেন। এতে এসব এলাকার অনেক মেস এখন ফাঁকা হয়ে গেছে। ঝামেলা এড়াতে অন্য শিক্ষার্থীরাও এসব মেসে উঠতে চান না।
রংপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গত সোমবার বলেন, জেলার সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে ছাত্রশিবির নিয়ন্ত্রিত মেসগুলোতে কড়া নজরদারি রয়েছে। ইতিমধ্যে দুই শতাধিক আবাসিক মেসের সাইনবোর্ডও খুলে ফেলা হয়েছে। বর্তমানে এসব মেসে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে।
পুলিশ সূত্র জানায়, ২০১০ সালের জুনে পুলিশের পক্ষ থেকে মেসমালিকদের ফরম দেওয়া হয়। ওই ফরমে শিক্ষার্থীদের ছবিসহ ঠিকানা ও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কোন বিভাগে পড়ছেন, তা জানতে চাওয়া হয়। তা ছাড়া কোনো শিক্ষার্থী মেস থেকে কবে চলে যাচ্ছেন এবং মেসে নতুন কোনো শিক্ষার্থীর আগমন ঘটলে সে সব তথ্যও ফরমে চাওয়া হয়। এতে করে মেসগুলোতে বসবাসকারী শিক্ষার্থীদের সম্পর্কে মেস কর্তৃপক্ষসহ পুলিশের জানার সুযোগ রয়েছে। কিন্তু এই কার্যক্রমে মেসগুলোর পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে চকবাজার এলাকার একজন মেসমালিক বলেন, তিনি অনেক আগেই পুলিশের ফরম পেয়েছেন। কিন্তু মেসে বসবাসরত শিক্ষার্থীরা সহযোগিতা না করায় সেই ফরম জমা দেওয়া সম্ভব হয়নি। কেননা, কখন কে আসে এবং যায় তা মনিটরিং করা খুব কষ্টকর ব্যাপার।
আরেক মেসমালিক বলেন, ফরম দিলেও শিক্ষার্থীরা তা পূরণ করে দেন না। বেশি চাপ দেওয়ায় অনেকেই মেস থেকে চলে গেছেন। এ অবস্থায় মেসগুলো খালি হয়ে যাওয়ায় ব্যবসা নিয়ে তাঁরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আশরতপুর এলাকার একটি মেসের সাইনবোর্ড সম্প্রতি খুলে ফেলা হয়েছে। ওই মেসের মালিক পুলিশের দেওয়া ফরম পূরণ করে জমা দেননি। এ বিষয়ে তাঁর ভাষ্য, বাড়ির গোপনীয়তা পুলিশকে জানানোর প্রয়োজন মনে করেননি বলে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত জমা দেননি।
তবে অনেক মেসমালিক পুলিশের এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। কারমাইকেল কলেজের পশ্চিম দিকে কলেজপাড়ার একটি মেসের মালিক আজহারুল ইসলাম বলেন, তিনি তাঁর মেসের শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত পুলিশকে জমা দিয়েছেন। এই কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আশরতপুর এলাকার মেসমালিক রহিমা খাতুন বলেন, ‘দেশের যা অবস্থা, তাতে করে মেসের বাসিন্দাদের জীবনবৃত্তান্ত রাখা খুবই প্রয়োজন। আমার মেসের হিসাব পুলিশকে নিয়মিত জানানো হয়।’
কলেজ রোড এলাকায় থাকা মেসগুলোর মালিকেরা একটি সমিতি করেছেন। ওই সমিতির সভাপতি মোস্তাফিজার রহমান জানান, তাঁর এলাকার আওতাধীন ৫৪টি মেসের শিক্ষার্থীদের সবারই জীবনবৃত্তান্ত পুলিশকে দেওয়া হয়েছে। তাঁর পরামর্শ, তাঁদের মতো প্রতিটি এলাকায় সমিতি করে মেসগুলোতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।