রংপুরে দুর্বৃত্তের হামলায় আহত আসামির মৃত্যু
রংপুর নগরের খটখটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত সোহরাব হোসেন (৪৮) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোহরাব খটখটিয়া এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, খটখটিয়া তালতলা বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভীনের বাড়িতে প্রতিপক্ষ মাষানকুড়া সমিতির লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাজেদা পারভীন বাদী হয়ে পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলার ১৯ আসামির মধ্যে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমানের নামও রয়েছে।
মোখলেছুর ও অন্য আসামিরা গত ২৩ সেপ্টেম্বর আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পথে খটখটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে আসামি সোহরাব গুরুতর আহত হন।