রংপুরে দেড় কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের বাহারকাছনা এলাকায় নিবন্ধনহীন দুটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই কারখানার তিন কর্মকর্তাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
আটক হওয়া তিন ব্যক্তি হলেন বি-সান্ত আয়ুর্বেদিক ওষুধ কারখানার এমডি রাশেদুল আলম প্রামাণিক, কর্মকর্তা উত্তম কুমার বণিক ও দ্য নিউ মৌভাষা কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ প্রামাণিকের ছেলে জাহিদ হাসান। তাঁদের বাড়ি বাহারকাছনা এলাকায়। গতকাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে র্যা ব সদস্যরা এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বি-সান্ত ও দ্য নিউ মৌভাষা নামের প্রতিষ্ঠান দুটি ১০ বছর ধরে নিবন্ধন ছাড়াই বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিল। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১০১ ধরনের ওষুধ জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।