রংপুরে নকল ওষুধ ও সরঞ্জাম জব্দ, আটক ১
রংপুর নগরের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এ অভিযান চালান।
নকল ওষুধ উৎপাদনের দায়ে কারখানাটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে এর তত্ত্বাবধায়ক আফসার উদ্দিনকে। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কারখানাটির মালিক নজরুল ইসলাম শাহজাদা। তিনি জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। অভিযানের খবর পাওয়ার পর থেকে তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নগরের দর্শনা মোড় এলাকায় মেডিকো ফার্মাসিউটিক্যাল নামের ওই কারখানায় রাতের বেলা বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়ে আসছিল। গতকাল অভিযান চালিয়ে ১০ ধরনের ওষুধসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১০ হাজার বড়ি, ১০ হাজার মোড়ক, ১০ হাজার ক্যাপসুলের খোসা, প্রচুর পরিমাণ খাবার স্যালাইন, ৫০০ বোতল সিরাপ, খালি বোতল ও ওষুধ তৈরির উপকরণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ২০১২ সালে ওষুধ প্রশাসন অধিদপ্তর কারখানাটি বন্ধ করে দিলেও তারা রাতের বেলা চুপিচুপি ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিল।