রংপুরে নকল মধু তৈরির কারখানা, ছয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের খাসবাগ তিনমাথা এলাকার একটি বাড়ি থেকে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে নকল মধু তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় ২০০ লিটার নকল মধুসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাজু সিং (৩০), কালাইয়া (২৮), ওয়ান তাং সিং (৪৫), মং চান বাই (৩২), মংলা সিং (৩০) ও আলম সিং (২৪)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হারিকুলা গ্রামে।
রংপুরের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এ সময় তারা চিনি দিয়ে নকল মধু তৈরি করছিল। গত দুই মাস থেকে তারা ওই এলাকার আলম মিয়ার বাড়ি ভাড়া নিয়ে নকল মধু তৈরি করে বাজারজাত শুরু করে।