রংপুরে নববধূ খুন, স্বামী-শ্বশুর গ্রেপ্তার
মেহেদীর রং শুকাতে না-শুকাতেই রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নববধূ সাজেদা বেগমকে (২০) গত সোমবার রাতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাঁর স্বামী আবু তাহেরের (২৫) বিরুদ্ধে যৌতুকের কারণে তাঁকে হত্যার ওই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাজেদার বাবা সাহা মিয়া বাদী হয়ে তাহের ও তাহেরের বাবা মোরশেদুল হককে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আবু তাহের ও মোরশেদুলকে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে আবু তাহেরের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের সাহা মিয়ার মেয়ে সাজেদার। বিয়ের সময় টাকাসহ ঘরের জিনিসপত্র দেওয়া হয়। এরপরও দফায় দফায় টাকা দাবি করেন তাহের। সোমবার সন্ধ্যায় সাজেদাকে আবারও ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলেন তাহের। রাজি না হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে মারা যান সাজেদা।
এ ব্যাপারে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তাহের ও মোরশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে।