রংপুরে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ১১ মে রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত পাঁচ দিনের ব্যবধানে জেলায় ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়।
নগরবাসীর অভিযোগ, রংপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার প্রধান সড়কসহ অলিগলিতে ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পুলিশের বিশেষ অভিযান শুরু হলে ছিনতাইকারীরা গা ঢাকা দেয়। তবে অভিযান বন্ধ হলে কিছুদিনের মধ্যে অপরাধীরা আবার সক্রিয় হয়ে ওঠে।
শহরের বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিষয় নিয়ে কথা হলেও তাঁরা নাম প্রকাশে অনীহা প্রকাশ করেন। তবে যেসব এলাকার সড়ক দিয়ে লোকজন ভয়ের মধ্যে যাতায়াত করেন, সেগুলো হলো তাজহাট থেকে সাতমাথা ও পার্ক মোড়, বাস টার্মিনাল থেকে মডার্ন মোড়, বদরগঞ্জ রোড, কটকিপাড়া রোড, কামালকাছনা হয়ে সাতমাথা রোড, মেডিকেল থেকে বুড়িরহাট রোড, গণেশপুর থেকে বাস টার্মিনাল রোড, মেডিকেল মোড় থেকে বন বিভাগ কার্যালয় পর্যন্ত। এসব এলাকায় মানুষ চলাচলের সময় ভীতির মধ্যে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার এক স্কুলশিক্ষক বলেন, পাড়া-মহল্লার চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করলেই অপরাধ অনেকটা কমে যাবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন বলেন, পুলিশের এই বিশেষ অভিযানে নাগরিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও শান্তি ফিরে আসেনি। অপরাধী ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি।
পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, গত পাঁচ দিনের ব্যবধানে জেলায় ৪০৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা ছিনতাই, চুরি, হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই নাশকতার মামলায় গ্রেপ্তার হচ্ছেন।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, ‘ইতিমধ্যে অনেক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি, এ অভিযান অব্যাহত থাকবে।’