রংপুরে পুলিশের লাঠিপেটায় সমাবেশ পণ্ড, আটক চার
রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার জনস্বাস্থ্য অধিকার আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় লাঠিপেটায় ওই সংগঠনের পাঁচ কর্মী আহত জন। পুলিশ চারজনকে আটক করেছে।
আটক হওয়া চারজন হলেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মিলন রায়, একই শাখার সদস্য সুমন চন্দ্র পাল ও কারমাইকেল কলেজ শাখার সদস্য খায়রুল হোসেন।
ভেজাল, অপ্রয়োজনীয়, নিম্নমানের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ, খাদ্যে বিষাক্ত ফরমালিন ব্যবহার বন্ধ, রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) ও অসাধু চিকিৎসকদের কমিশন-বাণিজ্য বন্ধসহ ছয় দফা দাবিতে গতকাল সংগঠনটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে একাধিক মাইক লাগিয়ে প্রচার চালানো হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেখানে এসে সংগঠনটির কর্মীদের মাইক বন্ধ করতে বলে। কিন্তু কথা না শোনায় মাইকের ব্যাটারি খুলে নিয়ে পুলিশ তাদের গাড়িতে তোলে।
এ ঘটনার আধা ঘণ্টা পর সংগঠনের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। একপর্যায়ে সংগঠনের বিক্ষুব্ধ কর্মীরা প্রধান সড়কে বসে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে সংগঠনের কর্মী টটুল আহমেদ, মুনির হোসেন, সৌধসহ পাঁচজন আহত হন।
সংগঠনের সভাপতি শহিদার রহমান বলেন, ‘ন্যায়সংগত দাবি জানিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ছিল। কিন্তু পুলিশ করতে দেয়নি। আমরা তো কোনো সহিংস ঘটনাও করতে যাইনি। বিনা কারণে আমাদের সমাবেশ পণ্ড করে দেওয়া হয়েছে।’
পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, একাধিক সরকারি কার্যালয়ে সামনে মাইক লাগিয়ে বক্তৃতা দেওয়ায় কাজকর্মে অসুবিধা হচ্ছিল। এ কারণে তাদের মাইক বন্ধ করার অনুরোধ করা হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক অবরোধ করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সংগঠনের বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের ওপর মারমুখী হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।