রংপুরে বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া
রংপুর নগরের পাটগ্রাম বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির লোকজনের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরের সাতমাথা এলাকায় পাটগ্রাম বাসস্ট্যান্ডে রাত সাড়ে ১১টায় শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা রাত একটা পর্যন্ত চলে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুই পক্ষের লোকজনকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে লাঠিপেটা ও ১৯টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত রোববার পাটগ্রাম বাসস্ট্যান্ডের পাশে পিকআপ মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয় ভাঙচুর করা হয়। এর জের ধরেই মঙ্গলবার রাতে মোটর শ্রমিক ও মোটর মালিক সমিতির লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। পিকআপ মালিক সমিতির সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুসম্পর্ক রয়েছে বলে মোটরমালিকেরা জানিয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও শ্রমিক ইউনিয়ন নেতার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মানববন্ধন ও সমাবেশ করেছে মোটর শ্রমিক ইউনিয়ন।
এদিকে মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরোধ নিরসনে সম্প্রতি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় প্রশাসন, মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের সভা হয়। এতে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা, বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, পুলিশের ডিআইজি হুমায়ুন কবীর, মোটর শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক এম এ মজিদসহ মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘মোটর মালিক সমিতির লোকজন আমার গাড়িসহ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা চালায়। এসব ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেয়নি।’
তবে মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহম্মেদ বলেন, হামলা, ভাঙচুরের ঘটনার সঙ্গে মালিক সমিতির কেউ জড়িত নয়।
পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম অভিযোগ করেন, মালিক সমিতির লোকজন কার্যালয় ভাঙচুর করেছেন।