রংপুরে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে শিশুসহ ছয়জনকে পুড়িয়ে মারার অভিযোগে আজ রোববার পর্যন্ত পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।

মিঠাপুকুর থানা-পুলিশের দাবি, গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের সবার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একাধিক মামলা রয়েছে।

১৩ জানুয়ারি দিবাগত রাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় খলিল এন্টারপ্রাইজের বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হলে ছয়জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমি অল্প কয়েকদিন হলো এ উপজেলায় নতুন যোগদান করেছি। ইতিমধ্যে উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ও করেছি। এ পর্যন্ত জামায়াত-শিবিরের সাতজনসহ ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক বলেন, মিঠাপুকুরে বিভিন্ন সময় সহিংস ঘটনায় পাঁচ মামলার আসামি জামায়াত কর্মী হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে তিনি ‘অর্থ জোগানদাতা’ বলে স্বীকারোক্তি দিয়েছেন। বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যার অভিযোগে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।