রংপুরে বিএনপির ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলাটি করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুুল কাদের জিলানী জানান, উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতার নাম উল্লেখ করে মামলা করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার শহরের শালবনের আড়িরাং কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির আয়োজনে ইফতার অনুষ্ঠান ছিল। ইফতারের আগে সন্ধ্যায় বিএনপির বিদ্রোহী অংশের নেতৃত্বে কর্মীরা কমিউনিটি সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করলে বিবদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের একজন সদস্য আহত হন। ওই পুলিশ কনস্টেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

এমদাদুল হক ভরসাকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও সামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়। এই কমিটি বাতিলের দাবিতে একটি পক্ষ সোচ্চার হয়ে ওঠে।