রংপুরে বিকাশকর্মীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার সাহেবগঞ্জ এলাকায় গতকাল রোববার দুপুরে বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) এক কর্মীকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গলায় গুলিবিদ্ধ বিকাশের কর্মী শাহরিয়ার সুমনকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকাশের ওই কর্মী শহর থেকে টাকা নিয়ে উপজেলার হারাগাছে যাওয়ার পথে সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিকাশের পরিবেশক সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে শাহরিয়ার মোটরসাইকেলে করে রংপুর শহর থেকে হারাগাছে যাচ্ছিলেন। সাহেবগঞ্জ মোড়ের কাছে পৌঁছালে তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে এসেশাহরিয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর শরীরে লাগলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

এরপর দুর্বৃত্তরা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন শাহরিয়ার। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাহরিয়ারের মাথায় আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান এ এম আল রব্বানী বলেন, গুলিবিদ্ধ ব্যক্তির গলায় গুলি আটকে আছে। এ ছাড়া তাঁর মাথায় ধারালো অস্ত্রের জখমও রয়েছে। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।