রংপুরে বিদ্যুতের সংযোগ নিয়ে হয়রানির অভিযোগ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের তিন ওয়ার্ডের পাঁচটি এলাকায় বিদ্যুতের সংযোগ নিয়ে এলাকাসীকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক বছর ধরে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন বলে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এসব এলাকার প্রায় ৩০০ পরিবার বিদ্যুতের সংযোগ পেতে দেড় বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ সমিতি কার্যালয়ে শুধু ঘুরেই যাচ্ছেন। সেখানে গিয়ে ঝুড়িভরা প্রতিশ্রুতি হয়তো মেলে কিন্তু বিদ্যুৎ মেলে না। ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের এই পাঁচটি এলাকা হলো দক্ষিণ নবনিদাস, মধ্য নবনিদাস, আরাজি নিয়ামত, নীলকচণ্ডী ও চেংমারী।
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চেংমারী গ্রামে প্রায় ৮০০ পরিবারের বাস। এর মধে৵ প্রায় ২০০ পরিবার এখনো বিদ্যুৎ পায়নি। তবে বছরখানেক আগে গ্রামে বিদ্যুতের খুঁটি এনে তিন মাস স্তূপ করে রাখা হয়। তিন মাস পর আবার এসব খুঁটি অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়। গ্রামবাসী বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুতের গঙ্গাচড়া কার্যালয়ে গত এক বছর ধরে শুধু ঘুরেই চলেছেন। ভুক্তভোগী লোকজনের অভিযোগ, দালাল না ধরায় তাঁদের এ হয়রানি হতে হচ্ছে। তবে দালাল কারা, তা জানা যায়নি। চেংমারী গ্রামের ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, ‘ওমার অফিসোত (বিদ্যুৎ) গেইলে ঠিকমতো কথায় শোনে না। আর হামারাগুলা যে দেন-দনবার করমো তারও কোনো উপায় পাই না।’
এই ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বুলু বলেন, ‘বিদ্যুৎ খুঁটি ফেলাছলো। কিন্তু না বলেই তা নিয়ে যায়।’ তবে তিনি বিদ্যুৎ খুঁটি বসিয়ে জনগণকে বিদ্যুৎ দেওয়ার জোর দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ও মধ্য নবদিনদাস এলাকায় বছরখানেক আগে কিছু বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। কিন্তু তার আর লাগানো হয়নি। দেওয়া হয়নি বিদ্যুতের সংযোগ। এখানে প্রায় ৭০০ পরিবারের বাস। এরমধে৵ প্রায় ১০০ পরিবার বিদ্যুৎহীন। দক্ষিণ নবনিদাস এলাকার ব্যবসায়ী দেলদার রহমান বলেন, ‘খালি বিদ্যুতের খুঁটির পাকে তাকে থাকি কোনো দিন তার লাগাইবে। কোনো দিন এটে কারেন্ট আসবে।’
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘মনে হয় পল্লী বিদ্যুৎ অফিস ফাঁদ বসাইছে। তা না হইলে বিদ্যুৎ আইসে না কেন?’
উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক অনিরুদ্ধ সরকার গতকাল রোববার মুঠোফোনে বলেন, কিছুদিনের মধ্যে উপজেলার এসব জায়গায় বিদ্যুৎ সংযোগের কাজ করা হবে। তবে দালাল না ধরায় বিদ্যুতের সংযোগ পেতে এত দেরি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, এ ধরনের কথা একেবারেই সত্য নয়।