রংপুরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির নেতা এস এম ইয়াসিরকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রংপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা ও মহানগর কমিটির কর্মীরা l প্রথম আলো
জাতীয় পার্টির নেতা এস এম ইয়াসিরকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রংপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা ও মহানগর কমিটির কর্মীরা l প্রথম আলো

রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্যসচিব এস এম ইয়াসিরকে কুপিয়ে জখম করার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে জাতীয় পার্টির এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে সমর্থন জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ইয়াসির গত শুক্রবার জুমার নামাজ পড়ে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর বাবার কবর জিয়ারত করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে জখম করা হয়।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয় পার্টির সেন্ট্রাল রোডের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির নেতা মোফাজ্জল হোসেন, সৈয়দ নুর আহমেদ, আমিনুল ইসলাম, সামসুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, ইয়াসিরকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। দিনের বেলা প্রকাশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে রংপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসির নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক বিডি বিধু জানান, তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ইয়াসিরকে দেখতে রংপুরে এরশাদ: দুর্বৃত্তদের হামলায় আহত জাপা নেতা ইয়াসিরকে দেখতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল দুপুরে রংপুরে আসেন। তিনি বিমানযোগে সৈয়দপুরে নেমে সরাসরি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে এরশাদ সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা দিনের বেলা যেভাবে হামলা চালিয়েছে, তা মেনে নেওয়া যায় না। এ হামলা ছিল পরিকল্পিত। ভাগ্যক্রমে ইয়াসির বেঁচে গেছেন।
নেতা-কর্মীদের ডাকা হরতালকে সমর্থন করে এরশাদ বলেন, রংপুর হলো জাতীয় পার্টির দুর্গ। সেখানেই তাদের ওপর আঘাত এসেছে। এ কারণে নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেছেন।