রংপুরে ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে আহত ১০
রংপুরে কলেজশিক্ষার্থী অপহরণের পর মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে পুলিশসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় নয়জনকে আটক করেছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মাহীগঞ্জ সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
পুলিশ, ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কারমাইকেল কলেজের শিক্ষার্থী জহুরুল হক গতকাল সকালে কলেজের বাইরে থেকে অপহৃত হন। এ ঘটনায় তাঁর বাবা তোজাম্মেল হোসেন থানায় জিডি করেন।
এদিকে অপহৃত শিক্ষার্থীর মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা মুঠোফোনে তাঁর পরিবারের কাছে টাকা দাবি করে। অপহৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা টাকার মধ্যে ১৫ হাজার টাকা লালমনিরহাটের হাতীবান্ধা থেকে বিকাশে পাঠানো হয়। পরে পুলিশ জানতে পারে অপহরণকারীরা ওই টাকা তুলতে শহরের সাতমাথা এলাকার খন্দকার টেলিকমে যাবে। পরে টাকা তুলতে আসা এক ব্যক্তিকে সাদাপোশাকে পুলিশ আটকের চেষ্টা করলে প্রতিষ্ঠানের লোকজন পুলিশকে বাধা দেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এরপর সেখানে দাঙ্গা পুলিশ গেলে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কিছু রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে সহকারী পুলিশ সুপার আতাউর রহমানসহ ১০ ব্যক্তি আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে টেলিকম প্রতিষ্ঠানের মালিক শামীম মিয়াসহ নয়জনকে আটক করা হয়েছে।