রংপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের মাহিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, ল্যাপটপ কম্পিউটার নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মাহিগঞ্জ দেওয়ানটুলি এলাকায় ধান-চাল ব্যবসায়ী শফিউল্লা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ২০-২৫ জনের একদল ডাকাত রাত দুইটার দিকে শফিউল্লার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবার হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। পরে ঘরের আলমারি ভেঙে প্রায় ১৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
বাড়ির মালিক শফিউল্লা বলেন, ডাকাত দলের সবাই জ্যাকেট ও হাফপ্যান্ট পরা ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এই চারজন হলেন শুকুর আলী (২৫), আলম মিয়া (৩২), সুমন হোসেন (৩০) ও রাসেল মিয়া (২৭)।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। প্রস্তুতি চলছে মামলা দায়েরের।