রংপুরে ভোটকেন্দ্রে হামলার মামলায় হাজারের বেশি আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার সদ্দপুষ্করিনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা, ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ২০০ অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে আজ সোমবার এই মামলা করেন।

ইউনিয়নের পালিচড়া খান বাহাদুর চৌধুরী কেন্দ্রে গতকাল রোববার রাতে ভোট গণনার সময় হামলার ঘটনা ঘটে। ইউপি নির্বাচনে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী সোয়েল রানা ও মতিয়ার রহমানের সমর্থকদের সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মতিয়ার রহমানের পক্ষের সমর্থক লোকমান হোসেনের (৫০) মৃত্যু হয়। হামলায় ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (এএসপি) রইস উদ্দিন ও নাসের রিকাবদারসহ সব মিলিয়ে ২৫ জন আহত হন।

পুলিশ জানায়, আজ লাশ ময়নাতদন্ত করে নিহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন জানা যায়নি।

সদ্দপুষ্করিনী ইউপির নির্বাচনে সোয়েল রানা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। সেই সঙ্গে সদর উপজেলার আরও দুটি ইউপির নির্বাচনে হরিদেবপুর ইউনিয়নে ইকবাল হোসেন ও চন্দনপাট ইউনিয়নে আমিনুর রহমান চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা হবে না।