রংপুরে মিম হত্যায় খালু গ্রেপ্তার
রংপুরে এসএসসি পরীক্ষার্থী হিরা মিম ওরফে বাবু হত্যার ঘটনায় গ্রেপ্তার তার খালু মঞ্জুরুল ইসলামকে গতকাল শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঞ্জুরুল ইসলামের ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ গতকাল আদালতে আবেদন করলেও সেটা নিয়ে শুনানি হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিম হত্যার ঘটনায় তার বাবা মোহর আলী শুক্রবার মিমের খালু-খালা ও একজন প্রতিবেশীকে আসামি করে হত্যা মামলা করেন। ওই দিন সন্ধ্যায় মিমের খালু মঞ্জুরুল ইসলামকে সুলতান মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্ত্রী আরজিনা বেগম পলাতক।
এসএসসি পরীক্ষার ফলাফল জানার আগেই রংপুরের বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষার্থী মিমের লাশ উদ্ধার করা হয় তার খালুর বাড়ি থেকে। সে খালুর বাড়িতে থেকে পড়াশোনা করত। মিমের বাবা মোহর আলী শহরের কেরানীপাড়ার বাসিন্দা। তিনি ঢাকায় ব্যবসা করেন।