রংপুরে মৎস্য প্রকল্প কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের তাজহাট এলাকায় বিভাগীয় মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প কার্যালয়ে গতকাল মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রলীগের এক কর্মীকে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম।
রংপুর বিভাগীয় মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে সম্প্রতি ৪৬টি সরকারি পুকুর ও জলাশয় খননের জন্য নয় কোটি টাকার কাজের দরপত্র মূল্যায়ন শেষে গত ২৩ ফেব্রুয়ারি ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে কয়েকজন যুবক প্রকল্প পরিচালকের কার্যালয়ে এসে তাঁকে খোঁজ করতে থাকেন। তিনি ঢাকায় অবস্থান করছেন—এমন কথা শুনে তাঁরা ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল করেন। একপর্যায়ে তাঁরা দরজা-জানালায় লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ছাত্রলীগের কয়েকজন নেতার সুপারিশে তাঁদের পছন্দের লোকদের কাজ না দেওয়ায় তাঁরা বিক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছেন।
কার্যালয়ের হিসাবরক্ষক সাজ্জাদ আল মামুন বলেন, হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা করেছে, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না।
অভিযোগ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। তবে আমার মনে হয়, এ ঘটনায় ছাত্রলীগকে জড়ানো হচ্ছে।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, ‘আমি জেনেছি, সেখানে ছাত্রলীগের নামে হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আমাদের খুঁজে বের করতে হবে। আর তা না হলে দলের ভাবমূর্তি নষ্ট হবে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হলেও ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো অভিযোগও থানায় দেওয়া হয়নি।