রংপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
রংপুর নগরের ধাপ এলাকায় লিমন (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে দেশ ক্লিনিকের পাশে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহজাহান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লিমনের বাবার নাম আফজাল হোসেন। রংপুর নগরের ভগি বালাপাড়া এলাকায় তাঁর বাড়ি। লিমন মোটর শ্রমিক হিসেবে কাজ করতেন।
মামলার বিবরণে জানা যায়, রিকশাচালক মিন্টুর কাছ থেকে সুদে পাঁচ হাজার টাকা ধার নেন শাহজাহান। ওই টাকা আদায় করতে মিন্টু লিমনকে দায়িত্ব দেন। গতকাল রাতে ওই টাকা আদায়ের জন্য লিমন তাঁর বন্ধু পাভেলকে নিয়ে নগরের ধাপ এলাকার দেশ ক্লিনিকের পাশে শাহজাহানের কাছে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শাহজাহান ও তার দুই সহযোগী লিমনের পেটে ছুরিকাঘাত করে। এ সময় লিমন মাটিতে লুটিয়ে পড়লে তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই লিমন মারা যান। এ সময় লিমনকে বাঁচাতে পাভেল এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। আহত পাভেল রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, নিহত ব্যক্তির গলায়, পেটে, হাত-পা, পীঠ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পর লিমনের বাবা বাদী হয়ে শাহজাহানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নগরের কেল্লাবন্দ এলাকা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর দুই আসামি মানিক (৩০) ও সুমনকে (২৬) গ্রেপ্তারের চেষ্টা চলছে।