রংপুরে যুবকের লাশ উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের তাজহাট ডিমলা এলাকার একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সবুজ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ তাজহাট এলাকার সেলুন ব্যবসায়ী জাভেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থল ডিমলা এলাকার লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সবুজের নিজের শোয়ার ঘরের বিছানায় তাঁর মরদেহ পড়ে ছিল। তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সবুজের পরিবারের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে বলেন, এ ঘটনায় সবুজের প্রতিবেশী সুমন মহন্ত ও তাঁর স্ত্রী মালতী রানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জাভেদ আলী বলেন, তাঁর ছেলে সবুজ ঢাকার একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন। গত সোমবার তিনি বাড়িতে আসেন। সকালে তিনি নিজের সেলুনের দোকানে যান। আর তাঁর স্ত্রী সালেহা খাতুন গ্রামে অন্যের জমিতে আলু তোলার কাজে যান। সন্ধ্যায় সেলুনে কাজ করার সময় ছেলের মৃত্যুর খবর পান। এ বি এম জাহিদুল ইসলাম বলেন, সবুজের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।