রংপুরে যুবলীগ নেতা খুন, প্রতিবাদে সড়ক অবরোধ
রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ড যুবলীগ নেতা ইমরান মিয়া (২৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইমরানের সমর্থকেরা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নিহত যুবলীগ নেতা ইমরান মিয়া রংপুর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শহরের মাহিগঞ্জের দালাপাড়া এলাকায় তাঁর বাড়ি।
কোতোয়ালি থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত মিজানুর রহমানের ভাষ্য, গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে শহরের সাতমাথা এলাকায় ইমরানকে ছুরিকাঘাত করা হয়। কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ইমরানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে ইমরান মারা যান।
ইমরানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা মাহিগঞ্জ সাতমাথা বাসস্ট্যান্ডে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর তারা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রংপুর থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের দাবি, অবরোধকারীরা তাজহাট এলাকায় তাঁর এবং তাঁর ভাবি মহিলা কাউন্সিলর ফরিদা কামালের বাসায় হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করেছে।
মজিদ দাবি করেন, একটি বিচ্ছিন্ন ঘটনায় ইমরান মারা গেলেও পরিকল্পিতভাবে তাঁর ও ফরিদা কামালের বাড়িতে হামলা চালানো হয়েছে। এ কারণে তাঁদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, মাহিগঞ্জ সাতমাথা বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে ইমরান পক্ষের সঙ্গে মজিদ পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত কয়েক মাসে এ কারণে কয়েকবার সহিংসতার ঘটনা ঘটেছে।
এ অবরোধকালে দায়িত্ব পালন করতে গেলে চ্যানেল আইয়ের আলোকচিত্রী এহসানুল হক সুমনকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় অবরোধকারীরা। এ ছাড়া তারা যুগান্তরের আলোকচিত্রী সাইদার রহমানের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।
ঘটনাস্থলে থাকা পরিদর্শক মিজানুর রহমান জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ইমরানের মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।