রংপুরে রেলস্টেশনে ছয় ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন চালু ও রংপুর এক্সপ্রেস ট্রেনের আধুনিকায়নের দাবিতে গতকাল রংপুর রেলস্টেশনে অবরোধ কর্মসূচি পালিত হয় l ছবি: মঈনুল ইসলাম
রংপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন চালু ও রংপুর এক্সপ্রেস ট্রেনের আধুনিকায়নের দাবিতে গতকাল রংপুর রেলস্টেশনে অবরোধ কর্মসূচি পালিত হয় l ছবি: মঈনুল ইসলাম

রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তনগর ট্রেন চালু, রংপুর এক্সপ্রেস ট্রেনকে আধুনিকায়নসহ বন্ধ ট্রেন চালুর দাবিতে রংপুরে গতকাল বুধবার রেলওয়ে স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত ছয় ঘণ্টা এই কর্মসূচি পালিত হয়। এ সময় দুটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

গতকাল অবরোধ চলাকালে পার্বতীপুর-সান্তাহারগামী ‘দোলনচাঁপা’ ও লালমনিরহাট-দিনাজপুরগামী কমিউটার ট্রেন দুটি সকাল আটটা থেকে নয়টার মধ্যে রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় এলে রেলপথে বিক্ষোভকারীদের অবস্থান ও অবরোধে আটকা পড়ে। এ সময় ট্রেন দুটির যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আয়োজক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অবরোধে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। এ সময় তাঁরা একটি নতুন আন্তনগর দিবাকালীন ট্রেন চালুর স্লোগান দেন। বিক্ষোভকারীরা ট্রেন দুটির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলী।

ভোগান্তির শিকার এক যাত্রী রহমত আলী কমিউটার ট্রেনে পার্বতীপুর যাবেন। তিনি বলেন, ‘এক ঘণ্টা অপেক্ষা করে অবশেষে বাসে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে যাচ্ছি।’ গাইবান্ধা যাওয়ার জন্য পার্বতীপুর থেকে দোলনচাঁপা ট্রেনে যাচ্ছেন ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘এই অবরোধের কারণে আমরা শুধু কষ্ট পাচ্ছি।’ এমনি করে অনেকে তাঁদের দুর্ভোগের কথা জানিয়েছেন।