রংপুরে রেলের দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ
রংপুরে রেলের পশ্চিমাঞ্চলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়কের কার্যালয়ে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। প্রতিবাদে রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টা থেকে স্টেশনের সামনে রেললাইন অবরোধ করলে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রংপুর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক শেখ আবদুল জব্বার অভিযোগ করেন, যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে সকালে তাঁর কার্যালয়ে বৈঠক বসে। এতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক মিহির কান্তি এবং উপবাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ জিন্নাহ উপস্থিত ছিলেন। একপর্যায়ে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের নেতৃত্বে একদল নেতা-কর্মী সভাকক্ষে ঢোকেন। তাঁরা রংপুর থেকে ঢাকায় নতুন একটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানান। দুই কর্মকর্তা এ নিয়ে রেলমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তখন তুষার রেলমন্ত্রীর মুঠোফোন নম্বর চান। নম্বর দিতে না পারায় মিহির কান্তি ও মোহাম্মদ জিন্নাহকে গালাগাল ও মারধর করেন ওই নেতা-কর্মীরা। এ দুজনকে রক্ষা করতে গিয়ে লাঞ্ছিত হন আরও তিন-চারজন। প্রতিবাদে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রংপুর রেলওয়ে জিআরপি ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই ইদ্রিস আলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মকর্তা-কর্মচারীরা অবরোধ তুলে নিলে বেলা তিনটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানতে চাইলে তুষার কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, মারধরের অভিযোগ সত্য নয়। তবে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।