রংপুরে শিশুসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ ও পীরগাছায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার এই দুটি লাশ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর উত্তরপাড়া গ্রামে একটি ঘরের ভেতর মাটিচাপা অবস্থায় তানজিলা খাতুন চুমকি নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। চুমকি উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথ উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে। সে মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় রিয়াদ প্রধান (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে। চুমকিকে রিয়াদের খাটের নিচে মাটিকে পুঁতে রাখা হয়েছিল। ওই শিশুটি গত মঙ্গলবার উত্তরপাড়া এলাকায় আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এরপর গত বুধবার চুমকির বাবা পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আটকের পর পুলিশের কাছে স্বীকারোক্তিতে রিয়াদ শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছেন।

চুমকির বাবা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরের দিকে আম কুড়াতে গিয়ে ওই এলাকায় যায়। শিশুটিকে একা পেয়ে রিয়াদ তাকে ধর্ষণের পর হত্যা করে। এরপর তার লাশ তার খাটের নিচে মাটিতে পুঁতে রাখা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রিয়াদের থাকার কক্ষের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে খাটের নিচে রাখা হয়েছিল বলে রিয়াদ স্বীকার করেছে। এখনো মামলা হয়নি। তবে শিশুটির বাবা শাহজাহান আলী বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে পীরগাছা উপজেলার আমডারা গ্রামের একটি খেত থেকে রুবেল মিয়া (২৩) নামের তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবেলের বাড়ি উপজেলার পাকারমাথা এলাকায়।

পীরগাছা থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল ঢাকায় একটি সেলুনের দোকানে কাজ করতেন। গত এক সপ্তাহ হলো ছুটিতে রুবেল বাড়িতে আসে। গতকাল বৃহস্পতিবার রাতে বাইরে বের হলে আর বাড়িতে ফেরেনি। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি জমিতে স্থানীয়রা তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।