রংপুরে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে রংপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত একজন মারা গেছেন। গত বুধবার আহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ছাড়া, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র এক প্রার্থীকে বুধবার রাতে অপহরণের প্রায় পাঁচ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আর জয়পুরহাটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদেরপাঠানো খবর:

রংপুর: মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন আবদুল হান্নান (৩০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১১টায় কাফ্রিখাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন ও ফখরুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত হোসেনের কর্মী আবদুল হান্নানসহ চারজন আহত হন। ওই রাতেই হান্নানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। হান্নান বুজরুক মহাদেবপুর গ্রামের আকবর আলীর ছেলে। সংঘর্ষের ঘটনায় সাখাওয়াত হোসেন গতকাল সকালে ফখরুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, সদস্য প্রার্থী সোহরাব ও ফখরুল দুজনই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আগামীকাল ২৩ এপ্রিল মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে কাফ্রিখালসহ সাতটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া: জেলার কুমারখালীর নন্দলালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হককে বুধবার রাতে অপহরণ করা হয়। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ। তিনি নন্দলালপুর ইউপির বর্তমান চেয়ারম্যান। অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ৭ মে নন্দলালপুরসহ কুমারখালীর ১১টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

জিয়াউল হকের অভিযোগ, তাঁকে ইউপি নির্বাচন থেকে বিরত রাখতেই অপহরণ করা হয়। তবে এ ঘটনার জন্য তিনি প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে ইউনিয়নের হাবাসপুরে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে লাহিনীপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেমসহ চার-পাঁচজন তাঁকে মারধরের পর অপহরণ করেন। মোয়াজ্জেমের বাড়িতে নিয়েও তাঁকে নির্যাতন করা হয়। অপহরণকারীরা তাঁর কাছে মুক্তিপণ হিসেবে ৬০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, এমন অভিযোগ এনে বিচার করার ভয় দেখানো হয়।

অপহরণকারীরা টাকা চেয়ে জিয়াউল হকের পরিবারের সদস্যদের কাছে ফোন করে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ভোর চারটার দিকে মোয়াজ্জেমের বাড়ি থেকে জিয়াউলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সন্ত্রাসীরা জিয়াউলকে ৬০ লাখ টাকা চাঁদার দাবিতে অপহরণ করে একটি বাড়িতে বেঁধে রেখেছিল। ভোররাতে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর শরীরে মারধরের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক মোয়াজ্জেমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিহাদ মণ্ডল ও দলের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেনের সমর্থকদের মধ্যে বুধবার রাতে সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হন। কুসুম্বা ইউপি কার্যালয়ের সামনের রাস্তায় নির্বাচনী প্রচারণা চালানো নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত।

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে মারপিটের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় উভয় পক্ষের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।