রংপুরে সাংবাদিক হত্যায় আটক ৬
রংপুরে সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে রোকসানা বেগম (৪৫) নামে এক নারীর নাম প্রকাশ করা হলেও বাকি পাঁচজনের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
সাংবাদিক মসিউর রংপুরের স্থানীয় পত্রিকা ‘যুগের আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পরিবার নিয়ে তিনি রংপুর শহরের পীরপুরে থাকতেন। গত বুধবার রাত নয়টার দিকে দাওয়াতের কথা বলে তিনি রংপুর শহরে পত্রিকার কার্যালয় থেকে বের হন। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে শেখপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মসিউরের মা নূরজাহান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।
পরিবার ও স্থানীয় সাংবাদিকেরা বলেন, সম্প্রতি যুগের আলো পত্রিকায় মাদকের বিস্তার ও ব্যবসা নিয়ে তিনটি প্রতিবেদন করেন মসিউর। এরপর এ হত্যাকাণ্ড ঘটে। ওই প্রতিবেদনের জন্যই মাদক ব্যবসায়ীরা তাঁকে হত্যা করেছেন বলে সন্দেহ করছেন তাঁরা।
মসিউর হত্যায় সন্দেহ ছাড়াও নানা বিষয়কে সামনে রেখে তদন্তে নামে পুলিশ। এর একপর্যায়ে আজ রোববার ভোরে ছয়জনকে আটক করার কথা জানায় পুলিশ।
রংপুর জেলার পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক ছয়জনের মধ্যে রোকসানা মাদক ব্যবসায়ী। তারপরও হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে বাকি পাঁচজনের পরিচয়ও প্রকাশ করা হবে।
এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দিলারা রহমানও প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে মাদক ব্যবসার অভিযোগে আটক রোকসানার বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল।