রংপুরে সাত দিনে তিন শতাধিক অপরাধী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে ছিনতাই-চুরি প্রতিরোধে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এ অভিযানে গত এক সপ্তাহে বিভিন্ন মামলায় অভিযুক্ত তিন শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আগে নগরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার প্রধান সড়কসহ অলিগলিতে ছিনতাইয়ের শিকার হয় অনেকে। এ ছাড়া মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটে। তাঁরা জানান, ছিনতাইয়ের এসব খবর প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এরপর পুলিশ অভিযান শুরু করে।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, প্রতিদিনই গড়ে ৪৫ থেকে ৫০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ছিনতাই, চুরি, হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীরা। এরই মধ্যে নগরের কেব্ল টিভির ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুন্সিপাড়ার ফরহাদ হোসেন হত্যা ও ছিনতাই মামলার অন্যতম আসামি রাজীব হোসেন ও রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গত রোববার শহরের নিউ জুম্মাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য জানান, অপরাধী ধরতে পুলিশের এ অভিযান যেন অব্যাহত থাকে। তবে বিভিন্ন পাড়া-মহল্লার সুধীজনদেরও এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন জানান, সম্প্রতি রংপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে নাগরিকেরা। তবে এসব সামাজিক অপরাধ দমনে অভিভাবকদের ভূমিকা থাকতে হবে।
মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম বলেন, ‘ঈদের আগে আমার প্রতিষ্ঠানের কর্মচারীর সাত লাখ টাকা ছিনতাই হয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তার জন্য ব্যবসায়ী সমাজসহ দলমত-নির্বিশেষে সবাইকে অপরাধীদের প্রতিরোধ করতে হবে।’
পুলিশ সুপার (এসপি) আব্দুর রাজ্জাক জানান, অপরাধীদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। ইতিমধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারও করা হয়েছে। অপরাধীদের চলাফেরা ও গতিবিধি পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।