রংপুরে ১০ দিনে ৫০০ গ্রেপ্তার
রংপুরে অপরাধীদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ১৭ অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত ১০ দিনে জেলায় প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার হয়েছে। তাঁদের অধিকাংশই চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর নগরসহ আট উপজেলায় ইদানীং চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। তাছাড়া সম্প্রতি রংপুরে জাপানি নাগরিককে হত্যার ঘটনায় পুরো জেলায় নিরাপত্তা জোরদার করার কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালাচ্ছে পুলিশ।
কাউনিয়া থানা পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে উপজেলার মীরবাগ রামচন্দ্রপুর এলাকায় রংপুরের বেগম রোকেয়া কলেজের এক ছাত্রীর ওপর হামলা চালিয়ে তাঁর হাতব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। একই স্থানে গত বুধবার দুপুরে এক নারীর গলার চেইন ছিনতাই হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই শরিফুল ইসলাম বলেন, সম্প্রতি রংপুরে একজন বিদেশি খুন হন। এরপর থেকেই জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিদিন গড়ে ৫০ জন অপরাধী গ্রেপ্তার হচ্ছেন। গত ১০ দিনের ব্যবধানে জেলায় প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই ছিনতাই, চুরি, হত্যাসহ বিভিন্ন মামলার আসামি বলে তিনি দাবি করেন।
পুলিশের এ অভিযান সম্পর্কে সচেতন নাগরিক কমিটির সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, এ অভিযানে এলাকায় কিছুটা স্বস্তি এলেও অভিযান বন্ধ হলেই আবার অপরাধীরা তৎপর হয়ে ওঠার শঙ্কা রয়েছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারও করা হয়েছে।