রংপুরে ১২ দিন নিখোঁজ থাকা শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর শিমুল মিয়া (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বড় দরগা ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিমুল মিয়া পীরগঞ্জ উপজেলার বড় দরগা ইউনিয়নের বড় আমবাড়ি গ্রামের হারুন মিয়ার ছেলে। সে বড় আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 নিহত শিশুর বাবা হারুন মিয়া বাদী হয়ে তাঁর দূরসম্পর্কের আত্মীয় আবুল হোসেন ও তাঁর স্ত্রী হাজেরা খাতুনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আবুল হোসেন ও হাজেরা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি বিকেলে বড় আমবাড়ি বাজারে যাওয়ার পর শিমুল মিয়া আর বাড়ি ফেরেনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শিমুলের বাবা পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে আমবাড়ি এলাকার একটি ঝোপের মধ্যে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, গতকাল বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।