রংপুরে ৭ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষক
রংপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাত শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল সোমবার নগরের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে মাসিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে।
উদ্ভূত পরিস্থিতিতে কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে শিক্ষক মোস্তাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের একাধিক সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে মাসিক পরীক্ষা চলাকালে শরীরচর্চা শিক্ষক নূর মোহাম্মদ শাহজাদা একে একে সাত শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেন। শিক্ষার্থীদের চুল একটু বড় হওয়ায় শিক্ষক ওই শাস্তি দেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। শিক্ষকের বিচার দাবিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা কলেজের প্রধান ফটকে কিছুক্ষণের জন্য বিক্ষোভ করেন। পরিস্থিতি অনুকূলে রাখতে সেখানে পুলিশ পাঠানো হয় বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানিয়েছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি কলেজের বাইরে ছিলাম। জানতে পেরে কলেজে ছুটে যাই। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদনের পর বিষয়টি আরও পরিষ্কার হবে।’
নূর মোহাম্মদ শাহজাদা শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কোনো মন্তব্য করতে অপারগতা জানান।