রংপুরের গঙ্গাচড়ায় যুবকের লাশ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)। তিনি রংপুর সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পরশুরাম কচুটাড়ি গ্রামের নাসিমউদ্দিনের ছেলে। নিহত রবিউল বাড়ির জমিজমা দেখাশোনা করতেন।
গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন আজ সকালে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ সেতুর পাশে লাশটি দেখতে পেয়ে থানা-পুলিশকে জানায়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর মাথায় গুরুতর জখমের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথার আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে মর্গের সামনে আসেন। সেখানে যুবকের মামা জিয়াউর রহমান লাশ শনাক্ত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নানাবাড়ি গঙ্গাচড়ার গজঘণ্টা থালাপাক গ্রামে যাওয়ার উদ্দেশে বের হন রবিউল। খোঁজ নিয়ে জানা যায় তিনি সেখানে যাননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাওয়া যাচ্ছিল না। এখন তাঁর লাশ পাওয়া গেল।
রবিউলের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না, এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানেন না বলে তিনি জানান।