রংপুরের সিও বাজারে দুর্বৃত্তদের ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সিও বাজারে হামলা চালিয়ে ১৫টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সিটি করপোরেশন থেকে ইজারা নিয়ে নিয়মিত ভাড়া পরিশোধ করে উপজেলা পরিষদের সামনে সিও বাজার এলাকায় ব্যবসা করে আসছেন। কিন্তু একটি মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রায়ই এসব দোকান উচ্ছেদের হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে মামলা হলে আদালত সম্প্রতি ওই সব দোকান ভাঙার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মহলটি। এরপর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ১৫টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, ‘গত সাত বছর ধরে সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে এ ব্যবসা করে আসছি। রাতে জানতে পেরেছি দুর্বৃত্তরা দোকান ভাঙচুর করে লুটপাট করেছে।’
ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘ আট বছর ধরে এখানে ব্যবসা করছেন। দুর্বৃত্তরা তাঁর দোকান ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি এ ঘটনার বিচার চান।
যোগযোগ করলে সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম কবীর বলেন, এটি খুবই অমানবিক। জায়গা নিয়ে কোনো জটিলতা থাকলে তা আইনগত উপায়ে সমাধান করা যেত। রাতের আঁধারে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলা কাম্য নয়। মেয়র এলে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মেয়র সরফুদ্দীন আহমেদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।