রংপুরের ৯টি চার্চসহ ১০ প্রতিষ্ঠানকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ৯টি চার্চসহ ১০টি প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বুধবার বিকেলে শহরের বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে ওই চিঠি আসে। আর দিনাজপুরে একটি চার্চের যাজককে হত্যার হুমকি দিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। পরে একই নম্বর থেকে আরেকটি খুদে বার্তা পাঠিয়ে ক্ষমা চাওয়া হয়।
হুমকি দিয়ে পাঠানো চিঠিটি রংপুর শহরের বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে আসে গত বুধবার। ডাকযোগে আসা হাতে লেখা চিঠিটির খামে প্রাপকের স্থানে ছিল ওই চার্চের রেভারেন্ড বার্নাবাস হেমরমের নাম। প্রেরকের স্থানে লেখা ছিল দিনাজপুরের এক ব্যক্তির ঠিকানা।
চিঠিতে বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ ছাড়াও কাউনিয়ার চার্চ অব গড, লাবলু ফেইথ বাইবেল চার্চ, মাইকেল ক্যাথলিক চার্চ, মানিক এজি চার্চ, এইচ আর ডিপি চার্চ, মনতাজ চার্চ, ওয়ার্ল্ড ভিশনের পরিচালক, পীরগাছার কইনোনিয়া চার্চ ও সাতদরগার আজিজুল চার্চকে হুমকি দেওয়া হয়।
দিনাজপুরে হুমকি দিয়ে পরে ক্ষমা প্রার্থনা: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চক বেনারসি এলাকার ক্যাথলিক চার্চের যাজক কার্লস টপ্পকে বুধবার মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বীরগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
কার্লস টপ্প গতকাল প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত একটি নম্বর থেকে তাঁর মুঠোফোনে তিনটি খুদে বার্তা আসে। ওইগুলোতে তাঁকে হত্যার হুমকি দিয়ে বলা হয়, ‘আইএসের নির্দেশে আপনাকে ২০ ডিসেম্বরের মধ্যে হত্যা করা হবে, তা আপনি নিজপাড়ায় থাকেন বা দিনাজপুরে। যা খুশি খেয়ে নিন।’ পরে গতকাল সকাল ১০টায় একই নম্বর থেকে পাঠানো আরেক খুদে বার্তায় হুমকির জন্য ক্ষমা প্রার্থনা করে বলা হয়, ‘আমি কোনো আইএসের সদস্য নই, এটি একটি দুষ্টুমি করা হয়েছে।’ বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই নম্বর থেকে তাঁর কাছেও খুদে বার্তা পাঠিয়ে বলা হয়, ‘আমি কোনো আইএসের সদস্য নই। ফাদার আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তাই এ ধরনের খুদে বার্তা দিয়েছি।’
এর আগে গত ৫ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। ১৮ নভেম্বর সকালে দিনাজপুরের মির্জাপুরে বিআরটিসি বাস ডিপোর সামনে ইতালীয় ধর্মযাজক ও চিকিৎসক ফাদার পিয়েরো পিচমকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।