রংমেশানো মাছ জব্দ
চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে রং মেশানো ৫০ কেজি পোপা মাছ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য দপ্তর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ ইলিশ তৈরির সময় প্রফুল্ল ও ওমর ফারুক নামে দুই মাছবিক্রেতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ছাড়পত্র না থাকায় দুটি বরফ কলকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাফা বরফ কলকে পাঁচ হাজার এবং নাহার বরফ কলকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
৯ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘লইট্টা মাছে লিপস্টিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। নগরের বিভিন্ন বাজারে মাছে রং মেশানো নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়।