রওশন আরাকে খুন করেছে গৃহকর্মীর ছেলে সাঈদ: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার লোভে সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরাকে তাঁর যাত্রাবাড়ীর বাসায় হত্যা করা হয়। গতকাল বুধবার রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে সাঈদ হাওলাদারকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। সাঈদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এসব তথ্য জানান। তাঁর তথ্যমতে, এ ঘটনা দেখে ফেলায় ওই বাড়ির গৃহকর্মী আপন বোন কল্পনা আক্তারকেও খুন করেন সাঈদ।
গত বুধবার বিকেলে ৫৬ নম্বর উত্তর যাত্রাবাড়ীর তিনতলা থেকে রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনা আক্তারের (১২) গলাকাটা লাশ পাওয়া যায়।
মনিরুল ইসলামের ভাষ্য, রওশন আরার বাড়ির গৃহপরিচারিকা লাকি আক্তারের ছেলে সাঈদ। লাকির মেয়ে কল্পনাও একই বাসায় কাজ করত। মা ও বোনের কারণে ওই বাসায় যাতায়াত ছিল সাঈদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ স্বীকার করেছেন, বন্ধু রিয়াজকে নিয়ে রওশন আরা ও কল্পনাকে হত্যা করেছেন।
বুধবার রাতে যাত্রাবাড়ীর নাজিম সিএনজি গ্যারেজ থেকে সাঈদকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার পুলিশ। এ ঘটনায় জড়িত সাঈদের বন্ধু রিয়াজ পলাতক রয়েছেন।
মনিরুল ইসলামের তথ্যমতে, প্রয়াত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী রওশন আরার পাঁচ সন্তানই দেশের বাইরে থাকেন। কিছু দিন আগে তিনি ছেলেমেয়ের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন।
ঘটনার দিন বিকেল তিনটার দিকে মা লাকি আক্তারের সঙ্গে দেখা করতে রিয়াজের সঙ্গে রওশন আরার বাড়িতে যান সাঈদ। লাকি আক্তার চিকিৎসার জন্য বাইরে গেলে সাঈদ রওশন আরার কাছে সবজি ব্যবসার জন্য টাকা চান।
টাকা দিতে না চাইলে রওশন আরাকে জবাই করে হত্যা করেন সাঈদ ও রিয়াজ। ঘটনাটি দেখে ফেলায় বোন কল্পনাকেও জবাই করে হত্যা করেন সাঈদ।
এর পর ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান সাঈদ ও রিয়াজ।
মনিরুল ইসলামের ভাষ্য, এই খুনের ঘটনাটি পূর্বপরিকল্পিত। এর সঙ্গে লাকি আক্তারসহ অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক রিয়াজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।